ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হত্যাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আইভির করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে আজ রায় দেন।
আদালতে আইভির জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার হন আইভী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
২০১১ সালের ৩০ অক্টোবর নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। ২৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রথম নারী সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০১৭ সালের ৫ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন। ১৬ জানুয়ারি ২০২২ নির্বাচনে তৃৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।
২০২২ সালের ২২ আগষ্টের প্রজ্ঞাপন অনুযায়ী সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

