তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সংবাদমাধ্যমের পরিসরও বাড়ছে। তবে এই প্রতিযোগিতার যুগে গুজব ও অপতথ্য এড়িয়ে যাচাইকৃত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গোল্ডেন ভিশনের ব্যবস্থাপনা সম্পাদক হাছিনা ইয়াছমিন লিপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা। তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ বলা হয়। একটি সমাজের সচেতনতা, মানবিকতা ও অগ্রগতির চিত্র সংবাদমাধ্যমের মধ্য দিয়েই প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল চ্যানেলের বিস্তারের সঙ্গে সাংবাদিকতার দায়িত্বও বেড়েছে। এ ক্ষেত্রে গোল্ডেন ভিশনের মতো দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, সংবাদমাধ্যমকে সমাজের অসংগতি, অনিয়ম ও নাগরিক সমস্যার বিরুদ্ধে নির্ভীক ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তরুণদের সাফল্য, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।
বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে গোল্ডেন ভিশন নিউজ চ্যানেলের প্রকাশক শফিকুল আলম বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া।
তিনি বলেন, একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। এটি শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, বরং সাধারণ মানুষের কথা তুলে ধরার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তরুণ, উদ্যমী ও পেশাদার সংবাদকর্মীদের প্রচেষ্টার পাশাপাশি পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাসচিব এম এ মমিন আনসারী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো, ৯৭ এসএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ রেজাউল করিম রেজা, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সালমা তালুকদার, লালবাগ থানা জাসাসের সভাপতি ও কণ্ঠশিল্পী মো. হাবিবুর রহমান হাবিব, স্বপ্নধারা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আল আমিন ভূঁইয়া, প্রয়োজন গ্রুপের চেয়ারম্যান নারী উদ্যোক্তা পিংকি, যুবশক্তি পরিষদের সভাপতি মো. সোহেল, বিউটি এক্সপার্ট ও ব্র্যান্ড প্রমোটার শেখ শান্তা ইসলাম, অভিনেত্রী স্যাম খান এবং কনটেন্ট ক্রিয়েটর ইসপন্থা ঊর্মি।
এ ছাড়া অনুষ্ঠানে গোল্ডেন ভিশন নিউজের মাল্টিমিডিয়া ব্যবস্থাপক মো. জুয়েল মিয়া ও প্রযুক্তি ব্যবস্থাপক ফিরোজ মাহমুদ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে জাদুশিল্পী জাদুরাজ বিপ্লবের জাদু প্রদর্শনী উপস্থিত অতিথিদের আনন্দিত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাদিয়া আফরা, রবিন আহমেদ, আনিসা বিনতে আব্দুল্লাহ ও জেইন মিরর ইরা। এ সময় কেক কাটা, অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার প্রদান এবং গোল্ডেন ভিশন পরিবারের সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

