নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকায় ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছেন মোস্তাক আহম্মেদ।
মোস্তাক আহম্মেদের অভিযোগ, শনিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিরোধপূর্ণ জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজে, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, সংঘর্ষের সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বকুল মিয়া। তিনি জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে একটি ডেন্টাল ক্লিনিকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে সময় দেওয়া হলেও তারা তা না মেনে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

