নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা ‘নীলাচল’ নামক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের ধারণা, অজ্ঞাত কোনো দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারেন। এসময় আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জাগো নিউজকে জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে কোনো মানুষ না থাকায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. মজিবর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি।

