অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করে অল্প সময়ে অধিক মুনাফা পাওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ সরকার (৩৯)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জে এনে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ব্যবসায়ী মো. নুর কামাল আজাদ (৪৮) অনলাইনে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের প্রলোভনে পড়ে প্রতারকদের কাছে ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জমা দেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী লাভ কিংবা বিনিয়োগের অর্থ ফেরত না পেয়ে তিনি আইনের আশ্রয় নেন।
পিবিআইয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অনলাইন ট্রেডিংয়ের নামে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করত। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে অর্থ সংগ্রহের পর সেই টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হতো। পরবর্তী সময়ে দেশ-বিদেশে থাকা চক্রের সহযোগীদের কাছে এসব অর্থ পাঠানো হতো।
এ ঘটনায় দায়ের করা মামলায় এর আগে গত ৬ জুলাই আরও দুজনকে গ্রেপ্তার করে পিবিআই। তাঁরা হলেন নাজমুল হোসেন (৪১) ও হাবিব মিয়া (৩০)। ঢাকার আফতাবনগর এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
পিবিআই জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

