দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও নানা বিতর্কের পর আবারও বিএনপির মূল ধারার রাজনীতিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ এমন গুঞ্জন এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দুই নেতার প্রত্যাবর্তনের খবরে যেমন তাদের অনুসারীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে, তেমনি অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় সিদ্ধান্ত এবং নানা বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে।
নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত একটি নাম অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা একদিকে যেমন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন, অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কারের মতো কঠিন বাস্তবতারও মুখোমুখি হতে হয়েছে। তার রাজনৈতিক জীবন তাই উত্থান-পতন, সংগ্রাম ও বিতর্কে ভরপুর।
তৈমূর আলম খন্দকার আইন পেশার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতা, বক্তৃতা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ধীরে ধীরে জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
দলের প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জেলা বিএনপির সভাপতি ও পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি আলোচনায় আসেন। পরে ২০২২ সালের সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক জীবনে বড় মোড় আসে।
বিএনপি সে সময় সরকারের অধীনে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এ সিদ্ধান্তে কেন্দ্রীয় বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে ২০২১ সালের শেষ দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০২২ সালের ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে ২০২২ সালের ১৮ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন তৈমূর আলম খন্দকার। তবে বহিষ্কারের পরও তিনি বিএনপির প্রতি আনুগত্যের কথা প্রকাশ্যে ঘোষণা করেন।
এর পরেই তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ তিনি। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩। ওই দিন তৃণমূল বিএনপির কাউন্সিলে তিনি দলে যোগ দিয়ে মহাসচিব নির্বাচিত হন ।পরে শেখ হাসিনার অধীনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচন করে জামানত হারান তিনি । এর পর থেকে অনেকটাই নিরবে চলে গেছেন এ নেতা ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে একটি পরিচিত নাম। বিএনপির রাজনীতির মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
গিয়াস উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি পান।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গিয়াস উদ্দিন। ওই সময় তিনি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখেন।
রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ। এক পর্যায়ে তাকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে আখ্যায়িত করা হয়। নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।
পরবর্তীতে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলমকেও বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদকের অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালে ওই মামলায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সে সময় জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজনৈতিক নানা বিতর্ক ও মামলার মধ্যেও গিয়াস উদ্দিন মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৫ সালে বিভিন্ন কর্মসূচি, বিজয় র্যালি ও রাজনৈতিক সভা-সমাবেশে তাকে নেতৃত্ব দিতে দেখা যায়। একই সময়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের পক্ষে বক্তব্য দেন।
বর্তমানে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা ও লবিং চলছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, তবে এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
এদিকে নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে, কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এবং গিয়াস উদ্দিন আহমেদের বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। দলীয় একাধিক সূত্রের দাবি, দুই নেতার বহিষ্কারাদেশ বা সাংগঠনিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে লবিং অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, “তৈমূর আলম খন্দকার এবং গিয়াস উদ্দিন আহমেদ দুজনই দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন। অতীতে ভুল বোঝাবুঝি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দূরত্ব তৈরি হয়েছিল। এখন দলকে শক্তিশালী করতে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার প্রয়োজন রয়েছে।”
মহানগর বিএনপির এক সাবেক নেতা বলেন, “নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে অভিজ্ঞ নেতাদের বিকল্প নেই। কেন্দ্র যদি তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হবে।”
তবে ভিন্নমতও রয়েছে। জেলা বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি, “দলের শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রশ্নে অতীতের ঘটনাগুলোও বিবেচনায় নিতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছিলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রকে সবদিক পর্যালোচনা করতে হবে।”
তৈমূর আলম খন্দকার ও গিয়াস উদ্দিন আহমেদের সম্ভাব্য প্রত্যাবর্তন নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কি না, সেটিই এখন রাজনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে জোর আলোচনা রয়েছে যে, কেন্দ্রীয় বিএনপি যে কোনো সময় তৈমূর আলম খন্দকার ও গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে থাকা সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ দিতে পারে। তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Top of Form
Bottom of Form

