নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ব্যাগে চার কেজি, অন্যটিতে তিন কেজি এবং তৃতীয় ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

