মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ, মতপার্থক্য ও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার। তিনি বলেছেন, নিজেদের মধ্যকার এই বিভক্তি মুসলিম উম্মাহকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ নগরীর সিটি পার্কে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও সমাজে মতবাদ, চিন্তাধারা এবং পারস্পরিক মতপার্থক্যকে কেন্দ্র করে বিভক্তি বাড়ছে। এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা সিরিয়া, লেবানন ও মিশরের পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায়। মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টির নেপথ্যে থাকা বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আবুল আসাদ অনূদিত ‘ক্রুসেড’ গ্রন্থের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, মুসলিমদের বিরুদ্ধে ইতিহাসের বিভিন্ন সময়ে সংঘটিত ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক নানা চক্রান্তের বিষয়টি ওই গ্রন্থে তুলে ধরা হয়েছে। এসব ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুসলিম সমাজকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, মুসলিম সমাজে ভোগবিলাস ও অহংকার পরিহার করে নির্যাতিত ও বিপদগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে এবং সারোয়ারুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মো. জাকির হোসাইন।
এ সময় ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সদস্য, স্থানীয় সুধীজন, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

