নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি টিনশেড বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে জুবায়ের নামে এক বেকারি মালিককে কুপিয়ে আহত করা এবং ঘর থেকে নগদ টাকা লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তাঁর লোকজনকে দায়ী করছেন তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই বাড়িতে গিয়ে দেখা যায়, একসময়ের বসতঘরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠ ও ঘরের বিভিন্ন আসবাবপত্র। রাতের আঁধারে এমন ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করে বলেন, ভোররাতে স্বর্ণকার শাহীন ও তাঁর লোকজন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে পুরো বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, রাতের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে বাড়িঘরে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বসতবাড়ি ভেঙে ফেলে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।
স্থানীয় বাসিন্দা রাব্বি জানান, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। একই সঙ্গে তাঁর ঘরে থাকা নগদ টাকা-পয়সাও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

