আন্তর্জাতিক শ্রমিক অঙ্গনে বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও দাবি তুলে ধরতে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন নারায়ণগঞ্জের শ্রমিক নেতা হাফিজুল ইসলাম। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) এশিয়া আঞ্চলিক সম্মেলন এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এআইটিইউসি) ৪৩তম জাতীয় সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম।
আগামী ২০ ও ২১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ডব্লিউএফটিইউর এশিয়া আঞ্চলিক সম্মেলন। এরপর ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একই শহরে অনুষ্ঠিত হবে এআইটিইউসির ৪৩তম জাতীয় সম্মেলন। দুটি আন্তর্জাতিক আয়োজনে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও নেতারা অংশ নেবেন।
বিটিইউসি নারায়ণগঞ্জ জেলা কমিটি সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশের শ্রম খাতের বিদ্যমান পরিস্থিতি, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরবেন হাফিজুল ইসলাম। পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও মতবিনিময় করবেন তিনি।
আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন হাফিজুল ইসলাম। এ সময় বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্য দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার কথা রয়েছে তাঁর।
সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

