ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও অসংলগ্ন মন্তব্য করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘অল্প বয়স ও বুদ্ধি পাকা হয়নি’ বলে মন্তব্য করেন।
তার এ বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি জেলা বিএনপির নজরে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের আদর্শ পরিপন্থি আচরণের অভিযোগে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা জবাব সন্তোষজনক না হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

