আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক তৎপরতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতির সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, অতীতে বিভিন্ন দুর্যোগ, সংকট ও কঠিন সময়ে আওয়ামী লীগ জনগণের পাশে না দাঁড়িয়ে বরং সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলটির নেতাকর্মীদের প্রতি যে সহনশীলতা দেখানো হয়েছিল, সেই সুযোগ আর দেওয়া হবে না।
সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোথাও নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি দেখা গেলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার চেষ্টা জনগণ নিজেরাই প্রতিহত করেছে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।
সাখাওয়াতের আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

