নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের সকল কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মন্ত্রীর নির্দেশনার পর হাসপাতালের পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, আইসিইউ ইউনিট, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সিভিল সার্জন ডা. মুশিউর রহমান উপস্থিত ছিলেন।
রায়হান কবির বলেন, ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জের লাখো মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের সেবার মান বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সুবিধা কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্প্রতি হাসপাতালটিতে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে, যা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই আইসিইউ ইউনিটের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, জনগণের অর্থে গড়ে ওঠা এই সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি হাসপাতালগুলোর আধুনিকায়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ এবং জরুরি রোগী পরিবহনে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরাও ভিক্টোরিয়া হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং চিকিৎসা সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়েছে।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। রোগীদের হয়রানি, অব্যবস্থাপনা কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ যাতে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক পরিদর্শনের পর ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রশাসনের কঠোর তদারকি ও সমন্বিত উদ্যোগের ফলে জেলার অন্যতম প্রাচীন এই হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করবে।

