নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেট আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলপিলারের পাশে অবস্থিত জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

