নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে ওই এলাকার একটি ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই মাসদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

