নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আট দিনব্যাপী বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সহযোগিতায় ছিলেন ৬০ জন শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ের বাস্তবতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে। সবাইকে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে না, তবে সবাইকে ভালো মানুষ হতে হবে। একজন সৎ ও আদর্শ মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, শিল্পঘন এলাকা হিসেবে নারায়ণগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়েই এবারের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য সমাধানের পথ অনুসন্ধান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, মো. রায়হান কবির এবং মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিতর্ক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তা তুলে ধরা হয়।

