কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিরোধের বার্তা দিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শাখা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নেও সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগরিবের নামাজের পর শহরের মিশনপাড়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদেশে অবস্থান করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জনগণ কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করেছে। দেশে দলটির রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রকাশ করেছে। বর্তমানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার আকাঙ্ক্ষা ও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে সেই ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। জাতির মধ্যে বিভেদ তৈরির প্রচেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে আবদুল জব্বার বলেন, সংসদে জাতীয় ঐক্যের কথা বললেই হবে না, রাজনৈতিক অঙ্গনেও তার প্রতিফলন থাকতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জামাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে বৃষ্টির মধ্যেও অনেক নেতাকর্মীকে ছাতা মাথায় দিয়ে অংশ নিতে দেখা যায়। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবির’সহ বিভিন্ন স্লোগান দেন।

