নারায়ণগঞ্জে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে মহানগর যুবদল। এ লক্ষ্যে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে তারা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডে সতর্ক থাকতে হবে। কোথাও নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে মহানগর যুবদলের সদস্যসচিব মোহাম্মদ শাহেদ আহমেদ বলেন, গত কয়েক দিনের গোপালগঞ্জের ঘটনাগুলো সবাই দেখেছেন। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সাধারণ মানুষ কিংবা সরকারি সম্পদের ক্ষতি করেননি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন করে অস্ত্র সংগ্রহ এবং নাশকতার জন্য অর্থায়নের খবর পাওয়া যাচ্ছে বলে তারা শুনছেন। নারায়ণগঞ্জে অস্ত্রের ব্যবহার কিংবা অর্থায়নের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে যুবদল তা প্রতিহত করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ শাহেদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য ও উপস্থিতি ছিল মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজীব ও জাকির হোসেন সেন্টুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের।

