নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম অভিযোগ করেছেন, দাবিকৃত চাঁদা না দেওয়ায় একটি অসাধু চক্র তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, শাহিন আলম নামের এক ব্যক্তি তার এক সহযোগীকে নিয়ে প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল বুকিং ও বিমানের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। তিনি এতে অপারগতা প্রকাশ করলে পরে হোটেল বুকিং ও বিমান টিকিটের খরচ বাবদ নগদ ৫০ হাজার টাকা দাবি করা হয়।
তিনি জানান, ওই অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে সামাজিকভাবে অপদস্থ করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে ওই চক্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অপপ্রচার শুরু করে।
ইউএনও বলেন, উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেই। এসব অর্থ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ব্যয় করা হয়। ফলে এ ধরনের বরাদ্দে তার অনিয়ম বা অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত চক্রটির বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

