ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারাদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা।
তাদের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

