নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাশীপুরের দেওয়ান বাড়ি সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুই ব্যক্তি ব্যাংকের গেটের সামনে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তাদের পিছু নিলেও অন্ধকারের কারণে আটক করা সম্ভব হয়নি।
পরে এলাকাবাসী বালু ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কার্যালয়ের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার ব্যবস্থাপক চিন্ময় বেপারি জানান, সকালে বাড়ির মালিকের কাছ থেকে ব্যাংকের সামনে আগুন দেওয়ার খবর পান তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা কর্তৃপক্ষ নেবে।
তিনি বলেন, আগুন লাগার বিষয়টি সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হতে না পারায় এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

