নারায়ণগঞ্জে আদালতে একটি মামলার জামিন শুনানি শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিপরীত পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, আদালতের কার্যক্রম শেষে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। অন্য পক্ষের অভিযোগ, প্রতিপক্ষের লোকজনই প্রথমে হামলা করেছে।
জানা গেছে, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে দায়ের করা একটি মামলার জামিন শুনানিতে মঙ্গলবার আদালতে উপস্থিত হন কৃষক দল নেতা জুয়েল আরমান। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
পরে আদালত থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে মারামারির সূত্রপাত হয়। এতে জুয়েল আরমানসহ তাঁর সঙ্গে থাকা কয়েকজন আহত হন। আহত জুয়েল আরমান নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
জুয়েল আরমানের সঙ্গে থাকা রাসেলের অভিযোগ, আদালতের কার্যক্রম শেষে তাঁরা অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দেলোয়ার হোসেন, তাঁর দুই ছেলে ও সহযোগীরা তাঁদের ওপর হামলা চালান। হামলায় লোহার রড, ধারালো অস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে দেলোয়ার হোসেনের দাবি, তাঁর ছেলে ও স্বজনদের ওপর জুয়েল আরমানের লোকজন হামলা চালিয়েছে। ফলে ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
এ ঘটনায় তাঁতী দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন জুয়েল আরমানের অনুসারীরা। তবে উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মারামারি দেখতে পান এবং উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। জুয়েল আরমান থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

