নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, কঠিন সময় পার করে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার ও জাতীয় সংসদের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, বর্তমান সরকারকে টিকে থাকার সুযোগ দিতে হবে। সরকার ও সংসদ টিকে থাকতে না পারলে দেশ আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারে। তাই বিরোধী দলের নেতাকর্মীদের প্রতিও সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘এটা ছয় মাসের সরকার। দেশের যেসব সমস্যা রয়েছে, সেগুলো এই ছয় মাসের সরকারের সৃষ্টি নয়। তবে এসব সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে আবুল কালাম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখছেন। ব্যক্তিগতভাবে তিনি এটিকে ‘নাজাতের দিন’ হিসেবে মনে করেন। ২০০৬ সালের পর থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশের মানুষ একটি কঠিন সময় পার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

