আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে জনপ্রতিনিধি নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর গোলচত্বর মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা আবদুল জব্বার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণকে সচেতনভাবে যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নিতে হবে। কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে জনপ্রতিনিধি বানানো উচিত নয়। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও খোদাভীরু ব্যক্তিদের নির্বাচিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ।’ এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বিগত সময়ে জনপ্রতিনিধিত্বের নামে জনগণের ভোটাধিকার হরণ করে শোষণ ও অন্যায়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। জনগণের সেবা করার পরিবর্তে তাদের ওপর জুলুম-অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন নেতৃত্বে যেসব প্রার্থীকে সামনে আনা হচ্ছে, তারা শোষক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। জনগণের কাছে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মাওলানা আবদুল জব্বার বলেন, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে দুর্নীতিবাজ ও জনগণের সঙ্গে প্রতারণাকারীদের স্থান থাকা উচিত নয়। নতুন বাংলাদেশ গড়ার পথে যারা বাধা সৃষ্টি করবে কিংবা জনগণের সঙ্গে বেইমানি করবে, তাদের বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি।
জনসভা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির এবং নারায়ণগঞ্জ দক্ষিণ থানার আমীর খলিলুর রহমান টিটু।
নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সেক্রেটারি ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানার আমীর অ্যাডভোকেট আক্তার হোসাইন, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুল হাই জাফরী, নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন ও অ্যাডভোকেট মনির হোসাইন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

