নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইন ও বিধি লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে কাঁচপুর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিসিক শিল্পনগরী এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আওতায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারা, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

