আগামী দিনে ইসলামের আদর্শ ও ন্যায়বিচারের ভিত্তিতে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেছেন, রাজনৈতিক ও চিন্তাগত মতপার্থক্য থাকতেই পারে। তবে পবিত্র কুরআন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের প্রশ্নে সবার মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে প্রশাসন ও আলেম-ওলামাদের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে আবদুল জব্বার বলেন, প্রশাসনের কিছু সীমাবদ্ধতা থাকলেও তারা উপলব্ধি করেছেন, কুরআনের মাহফিল বন্ধ করে অতীতে কেউ সুফল পায়নি। একসময় রাজনৈতিক দল ও বিভিন্ন আলেম-ওলামার মধ্যে দূরত্ব থাকলেও বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মাহফিলে অংশ নিচ্ছেন।
নিজের মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, কোনো মেয়র প্রার্থী হিসেবে নয়, বরং কুরআনের প্রতি ভালোবাসা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যেই তিনি মাহফিলে উপস্থিত হয়েছেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ৩৬ জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
আবদুল জব্বার বলেন, ধর্ম, বর্ণ ও নারী-পুরুষের ভেদাভেদ ছাড়াই প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি মহানবী (সা.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনা সনদের উদাহরণ তুলে ধরেন।
নেতৃত্বের দায়িত্বশীলতা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থ ও দেশের কল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা সমাজের জন্য ক্ষতিকর। রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি ও অনিয়মের সুযোগ থাকবে না।
মাহফিল আয়োজনে সহযোগিতার জন্য প্রশাসন, স্থানীয় আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতের এই মহানগর আমির।

