নারায়ণগঞ্জে একসময় প্রভাব বিস্তারকারী কথিত গডফাদাররা এখন দেশের বাইরে পালিয়ে গিয়ে মাদকসেবীদের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ এখন অনেক সচেতন। কে মাদকসেবী আর কে ভদ্রলোক, তা সাধারণ মানুষ ভালো করেই চেনে। কোনো অপশক্তির ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রানা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন রয়েছে। ওই সময়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে শেখ হাসিনা গোপালগঞ্জে কিছু সমর্থককে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে রানা বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে, তিনি কখনো পুরো বাংলাদেশের নেত্রী ছিলেন না; বরং একটি নির্দিষ্ট অঞ্চলের নেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
গোপালগঞ্জের শান্তিপ্রিয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের বাইরেও সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। নির্বাচনী প্রচারণার সময় ওই এলাকার মানুষের কাছ থেকে নির্যাতন, নিপীড়ন ও সম্পত্তি লুটপাটের অভিযোগ শোনার কথা উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, একসময় শহরে হুন্ডা বাহিনীর দাপট ছিল। এখন সেই বাহিনীর পাশাপাশি হেলমেট বাহিনীর প্রভাব থেকেও নগরবাসী মুক্তি পেয়েছে বলে তিনি দাবি করেন।
আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিচার নিয়েও বক্তব্য দেন রানা। তিনি বলেন, ত্বকীর বাবা দীর্ঘদিন ধরে সন্তানের হত্যার বিচার চেয়ে আসছেন। কিন্তু এখনো বিচার কার্যকর হয়নি। দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে হত্যাকাণ্ডগুলোর বিচারের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সন্ত্রাসীদের সংখ্যা নিয়ে মন্তব্য করে রানা বলেন, সন্ত্রাসী হয়তো ১০ জন, কিন্তু নারায়ণগঞ্জের জনসংখ্যা চার লাখ ৮০ হাজার। কাজেই অল্পসংখ্যক সন্ত্রাসী দিয়ে সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করা সম্ভব নয়।
সবশেষে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর এলাকায় অত্যাচার-নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনা চলতে দেওয়া হবে না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীরা সেখানে যাবেন। তবে কোনোভাবেই জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে বলা হবে না; জনগণকে সঙ্গে নিয়েই আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

