নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে পুলিশের একটি শর্টগান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে মাছের পরিবর্তে জালে একটি শর্টগান আটকে ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আড়াইহাজার থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম জানান, থানার অস্ত্রাগারের রেজিস্টার যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে এসে পড়ে এবং এতদিন সেখানে ছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

