ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দখল ও দূষণে নষ্ট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার হারিয়ে যাওয়া খালগুলো আগের রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলার মধ্যে এই কার্যক্রম আড়াইহাজার উপজেলা থেকেই শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, খালগুলো খনন করা গেলে জলাবদ্ধতা দূর হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি মানুষ আবার প্রাকৃতিক মাছের স্বাদ ফিরে পাবে।
সংসদ সদস্য আরও বলেন, আড়াইহাজারের মানুষের কল্যাণে যেকোনো উন্নয়নমূলক কাজে তিনি পাশে থাকবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, বাংলাদেশের ইতিহাসে খাল খনন কর্মসূচি নতুন নয়। অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানেও জনগণের স্বার্থে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খালগুলো সঠিকভাবে খনন করা গেলে মাছ উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, নদী-খাল-বিলের প্রাকৃতিক মাছের আলাদা গুরুত্ব রয়েছে। খালগুলো সচল হলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মানুষের জীবনমানও উন্নত হবে।

