নারায়ণগঞ্জে টানা তিন দিনের পোশাকশ্রমিক আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রতিদিন সকাল থেকেই ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলা, তাদের শান্ত করা এবং কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। শ্রমিক অসন্তোষের উত্তপ্ত পরিস্থিতিতে রাজপথে থেকে তাঁর এমন তৎপরতা স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
গত ২ নভেম্বর থেকে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
এমন পরিস্থিতিতে প্রতিদিন সকাল থেকেই শিবু মার্কেট এলাকায় ছুটে যান মশিউর রহমান রনি। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দাবিদাওয়া শোনেন এবং উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য চেষ্টা চালান।
শুধু বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করেননি রনি বরং আন্দোলনের উত্তপ্ত মুহূর্তগুলোতেও শ্রমিকদের কাছাকাছি থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করা, উত্তেজনা প্রশমিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থান নেন তিনি।
৩ নভেম্বরও শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। পরে জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এসব পরিস্থিতিতে রনির মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত ছিল। শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের শান্ত করার পাশাপাশি কাজে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যান তিনি।
৪ নভেম্বরও শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। টানা তিন দিনের এই অস্থিরতায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা যখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তখনও মাঠে সক্রিয় ছিলেন জেলা যুবদলের এই নেতা।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলা এবং সংকটের সময়ে রাজপথে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা টানা তিন দিনের শ্রমিক আন্দোলনে মশিউর রহমান রনির ভূমিকার উল্লেখযোগ্য দিক হয়ে উঠেছে।

