নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদকদ্রব্যসহ আটক দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন। অভিযানকালে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন দাইরাদী এলাকার ফরহাদ (২৭) ও মাহিন (২৬)। আদালত ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে শাস্তির আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

