নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার শিমুল কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুরের খালপাড় এলাকায় আব্দুল কাদিরের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে শিমুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

