নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। তিনি লস্করদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি মীমাংসার জন্য এলাকায় সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে সিয়াম ছাড়াও মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

