জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফতুল্লা থানা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলো ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা এনসিপির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম। সভা পরিচালনা করেন থানার সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম জোরদার, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

