নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড ও তাঁর ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন ডেভিড। এ ছাড়া ককটেল বিস্ফোরণে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কনস্টেবল আনোয়ার হত্যাকাণ্ডের পর থেকেই ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রথমে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
পরে আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সামাদ ও হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পালিয়ে যাওয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পুলিশের।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। একই ঘটনায় ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়।
অভিযানস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে পৃথক অভিযানে এসআরবি-১১ এলাকায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। হামলাকারীদের হাত থেকে এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

