নারায়ণগঞ্জের বন্দরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমী সৌজন্য দেখিয়েছেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের জন্য নির্ধারিত আসন ছেড়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা লাকিকে সেখানে বসান তিনি। একই সঙ্গে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
বুধবার (২৫ নভেম্বর) বন্দরের ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাউসার আশা।
অনুষ্ঠানের মঞ্চে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার জন্য আলাদা কোনো চেয়ার নির্ধারিত না থাকায় বিষয়টি নজরে আসে আবুল কাউসার আশার। পরে তিনি নিজের নির্ধারিত চেয়ার ছেড়ে দিয়ে আছমা লাকিকে সেখানে বসার ব্যবস্থা করেন। এ সময় ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছাও জানান তিনি।
এ প্রসঙ্গে আবুল কাউসার আশা বলেন, মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। যে প্রতিষ্ঠানে যার শ্রম ও অবদান সবচেয়ে বেশি, তাঁকে যথাযথ সম্মান দেওয়া উচিত।
তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের জন্য যাঁর অবদান ও পরিশ্রম সবচেয়ে বেশি, তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে তাঁর এই উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌজন্য ও সম্মানবোধের একটি ইতিবাচক বার্তা তুলে ধরে।

