নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের একটি দল অভিযান চালায়।
অভিযানের প্রথম পর্যায়ে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের কুশিয়ারা এলাকার গোলাম রাব্বি (২৮), মো. ইয়ন (২২) এবং কদমরসুল এলাকার শিপন (২৪)।
অন্যদিকে, ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিংয়ের পাকা সড়কে পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরাপট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

