ফতুল্লার রেললাইনসংলগ্ন ‘বাংলাদেশ খাঁদ’ এলাকায় বসবাসরত মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এমপির সঙ্গে সাক্ষাৎকালে এলাকাবাসী এ দাবি জানান। এ সময় সংসদ সদস্য তাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্টদের কাছে যথাযথভাবে তুলে ধরে রাস্তা নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, ফতুল্লা মৌজার রেললাইনসংলগ্ন ‘বাংলাদেশ খাঁদ’ এলাকায় প্রায় ১৬০ থেকে ১৬৫টি পরিবার বসবাস করছে। কয়েক হাজার মানুষের বসতি থাকলেও এলাকাটিতে যাতায়াতের জন্য নেই কোনো স্বতন্ত্র ও নিরাপদ সড়ক। ফলে শিশু, নারী ও বয়স্কদেরও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রেললাইনের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, রেললাইনের পাশে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিশুদের নিয়ে চলাচলের সময় অভিভাবকদের মধ্যে সবসময় আতঙ্ক কাজ করে।
এ পরিস্থিতিতে রেললাইনসংলগ্ন বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, সড়কটি নির্মাণ করা হলে এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি রেললাইন দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলও বন্ধ হবে।
স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সিহাব প্রধান, সাইদুর রহমান পাপ্পু ও বাংলাদেশ খাঁদবাসীর উদ্যোগে এ দাবিটি উত্থাপন করা হয়। পরে নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতির নেতৃত্বে এলাকাবাসী সংসদ সদস্যের কাছে তাদের দাবি তুলে ধরেন।
এ সময় এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকাবাসীর যাতায়াতের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সাক্ষাৎকালে স্থানীয় বাসিন্দা জালাল বাবুর্চী, খলিলুর রহমান, মোশারফ, শাকিল আহম্মেদ, আব্দুর রব, মতিউর রহমান, নাজমুল খান, খালেদ মোশাররফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

