নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে এসব প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে মঙ্গলখালী এলাকাতেও অবৈধ গ্যাস ব্যবহারের বেশ কিছু চিত্র ধরা পড়ে। সেখানে আবাসিক সংযোগ ব্যবহার করে একটি হোটেলে রান্নার কাজ পরিচালনা এবং একটি আবাসিক ভবনে অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট সংযোগগুলোও বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ অপসারণ করা হয় বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হলেও সেখানে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধের পাশাপাশি গ্যাসের অপচয় রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সংযোগ শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনবহির্ভূত ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

