ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না।’
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।’
এসময় তিনি বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।
সবশেষ এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান এনসিপির এই নেতা।

