পাঠাভ্যাস গড়ে তোলা এবং সমাজে জ্ঞানচর্চার প্রসারে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ আসর মিশনপাড়ায় পাঠাগারটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, বর্তমান সময়ে মানুষ বেশি কথা বলতে চাইলেও অন্যের কথা শোনার প্রবণতা কমে যাচ্ছে। অথচ জ্ঞান অর্জন ও পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে পবিত্র কোরআনে। কোরআনের প্রথম নির্দেশনাই হলো সৃষ্টিকর্তার নামে পড়ার আহ্বান। তাই ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়নে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, পবিত্র কোরআনের সূরা আল-আসরে মানুষের ক্ষতি থেকে মুক্তির পথ তুলে ধরা হয়েছে। যারা ঈমান আনে, সৎকাজ করে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়, তারাই ক্ষতি থেকে মুক্তির পথে রয়েছে। মানুষের মধ্যে নৈতিকতা, সত্যনিষ্ঠা ও ধৈর্যের চর্চা বাড়াতে জ্ঞানচর্চার গুরুত্ব অপরিসীম।
পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুল জব্বার আরও বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। জ্ঞান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে সহায়তা করে। এ কারণে ব্যক্তি ও সামাজিক জীবনে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আধুনিক পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং জ্ঞান অর্জনের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আধুনিক পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ ও এর লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামছুল হক, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালী, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন এবং ব্যবসায়ী মরতুজা রেজা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আধুনিক পাঠাগারের সাফল্য, সমাজে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের প্রসার এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

