বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদকে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের মিশনপাড়া এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি বের হয়। মিছিলটি চাষাড়া সমবায় মার্কেটের সামনে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা রায়ানের নেতৃত্বে একটি গ্রুপের সঙ্গে মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এগিয়ে আসেন। তিনি শাহীন আহমেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে হাতাহাতির ঘটনা অস্বীকার করেছেন শাহীন আহমেদ। তিনি বলেন, মিছিলে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছিল। সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছুটা হট্টগোল হয়েছে, তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শাহীন আহমেদকে কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে দেখা যায়। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি পরনের গেঞ্জি টানাটানির দৃশ্যও দেখা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

