নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
নিহতরা হলেন- শরীফ হোসেন (৩৪), তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শ্যালক রিয়াজ (২২)।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বুধবার দুপুরে একজন এবং বৃহস্পতিবার ভোরে ও দুপুরে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের শরীরের ৪০ শতাংশ করে দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ রনি নামে আরেকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া গ্রামে শাহ আলম মিয়ার মালিকানাধীন ইসলাম টাওয়ার নামে ৬ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

