ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আগামী নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নাম। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের টেবিল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে নাসিকের মেয়র পদে নির্বাচন করতে পারেন গিয়াস উদ্দিন।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি, তবে তার ঘনিষ্ঠ অনুসারী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে, আসন্ন সিটি নির্বাচনে তাকে ঘিরেই বড় ধরনের প্রস্তুতি চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা গিয়াস উদ্দিন নগর রাজনীতিতে এখনও শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে বিএনপির তৃণমূলের একটি বড় অংশ তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।
এর আগে ২০২১ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন গিয়াস উদ্দিন। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে তার অনুসারীরা জানিয়েছিলেন।
মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি গিয়াস উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ হয়ে পরে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি।
নগরবাসীর একটি অংশ মনে করছেন, যদি শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেন, তাহলে নাসিক নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হয়ে উঠবে। বিশেষ করে বিএনপির তৃণমূলের একটি অংশ, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে আনছে।
তবে এ বিষয়ে গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
এদিকে নগরজুড়ে গুঞ্জন যত বাড়ছে, ততই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কি নাসিক নির্বাচনে প্রার্থী হবেন গিয়াস উদ্দিন? এখন সেই উত্তরের অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী।

