নারী শিক্ষা ও জাগরণের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক দিক কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে শিক্ষার্থীদের সামনে জ্ঞান অর্জনের অসংখ্য সুযোগ তৈরি হয়েছে। আগে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের অনেক বই-খাতা বহন করতে হতো। এখন একটি মোবাইল ফোনের মাধ্যমেই অসংখ্য তথ্য ও শিক্ষাসামগ্রী পাওয়া সম্ভব। এত সুযোগ-সুবিধা থাকার পরও শিক্ষার্থীরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমাদের জাতীয় সম্পদ। আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে তোমরাই হবে অগ্রগামী সৈনিক।’ তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, বাস্তব জ্ঞান ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছাত্রীদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আবুল কালাম বলেন, পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ এবং ব্যক্তিস্বার্থের কারণে অনেক সময় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে হলে পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও বোঝাপড়া থাকতে হবে। প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে স্বার্থকেন্দ্রিক প্রতিযোগিতা পরিহার করে শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণের দাবি প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটির জন্য ১০ তলা ভবন নির্মাণের দাবি রয়েছে। সরকার গঠনের পর আগামী ১৯ এপ্রিলের মধ্যেই বিবি মরিয়ম বালিকা বিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় আবুল কালাম বলেন, ‘আমি কোনো ঘুমন্ত মানুষ নই, আমি জাগ্রত মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নারী শিক্ষার প্রসারে বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে সংসদ সদস্য জানান, নারায়ণগঞ্জ কলেজে আইসিটিভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ২৯টি কম্পিউটার সেকশন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

