নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানকে বিতর্কিত করতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি জাকির খানের নাম ব্যবহার করে কেউ কেউ নিজেদের তার কর্মী বা ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে এমন অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ডের দায়ভার জাকির খানের ওপর চাপিয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে তার ঘনিষ্ঠজনদের দাবি।
এ বিষয়ে জাকির খান সতর্ক করে বলেছেন, তার নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম, অনিয়ম বা অপরাধ করার চেষ্টা করলে বিষয়টি সরাসরি তাকে জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, তার পরিচয় কিংবা দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাকির খান আরও বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে তাকে সরাসরি আমাকে জানাতে হবে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে। আমার বা দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।”

