নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই সাথে আইভীর আরেক আইনজীবীর ছোট ভাইয়ের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারদের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ।
জানা গেছে, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গত বুধবার (১৪ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৩ অক্টোবর গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন আইভী। আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় গাড়িতে ওঠার আগ মুহূর্তে আইভী ও তার সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’
এ ঘটনার প্রেক্ষিতেই আইভীর দুই আইনজীবী ও এক আইনজীবীর ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “ঘটনার ভিডিও ফুটেজে গ্রেপ্তার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে শুধু মামলার কাগজপত্রের ফাইল হাতে তার পাশে হাঁটতে দেখা গেছে। যে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারেও তাদের নাম নেই। আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করেছি।”
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই রেহান উল ইসলাম শুনানিতে অংশ নেন।

