নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত নয়জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক নয়জনকে পৃথকভাবে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাবো দক্ষিণপাড়ার মো. নাহিদ হাসান (২৪), দড়িকান্দি এলাকার মো. জাহিদ (৩২), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. শামীম (২৫), মো. আহসান (২০), মো. আশিক (২৩), মো. তুষার ইমরান (২৫), চনপাড়া বটতলার মো. আলী ওরফে কালু (৫০), চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. জুয়েল খান (৩৫) এবং বরুনা এলাকার মো. শ্রাবণ (২০)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

