দেশের অর্থনীতি ও জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান অসামান্য হলেও স্থানীয় চেম্বার অব কমার্সের সঙ্গে সব শিল্প মালিকদের যুক্ত না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু ভূঁইয়া)।
সম্প্রতি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের জিডিপিতে নারায়ণগঞ্জ এককভাবে প্রায় ৭.৫ থেকে ৮ শতাংশ অবদান রাখে। উদাহরণস্বরূপ, রূপগঞ্জেই প্রায় ৭৪১টি নিবন্ধিত ভারী শিল্প কারখানা রয়েছে। অথচ দুঃখজনক বিষয় হলো, এসব কারখানার মালিকদের অনেকেই নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য নন।”
সংসদ সদস্য দীপু ভূঁইয়া আরও উল্লেখ করেন, শিল্প মালিকরা চেম্বারের সদস্য না হওয়ার কারণে তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা বা প্রশাসনিক সহায়তার বিষয়ে স্থানীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, “যদি সকল শিল্প মালিক নারায়ণগঞ্জ চেম্বারের আওতায় আসেন, তবে তাদের সুবিধা-অসুবিধা এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত নানা জটিলতা নিরসনে চেম্বার ও প্রতিনিধিরা যৌথভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারবে।”
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা। আমরা নিয়মিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বসে পরামর্শ নেব, যাতে নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও সুসংগঠিত বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা যায়।”
অনুষ্ঠানে স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

