২০২১ সালে তালেবান সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই আলোচনায় আফগানিস্তানের নারীদের খেলাধুলার বিষয়টি। সেই ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে আইসিসি ইভেন্ট ছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি স্কটল্যান্ড। তবে ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে দুই দল।
ক্রিকেট স্কটল্যান্ড তাদের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট (এসিবি) বোর্ডের সম্পর্ক পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় এই গ্রীষ্মে। আয়ারল্যান্ড সিরিজের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়ে ক্রিকেট স্কটল্যান্ডকে জানায় এসিবি। তবে শেষ মুহূর্তে অনুরোধ আসায় ও উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়।
পর্যালোচনার আরেকটি বড় কারণ ছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে এসিবির যোগাযোগ। জর্জ মানসি যিনি কিনা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়া পুরো দুনিয়ায়, একমাত্র তিনিই গত সপ্তাহে প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন। তবে টুর্নামেন্টটি আইসিসির অনুমোদন পেলে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে ক্রিকেট স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের নারী ও পুরুষ দুই দলের চক্তিবদ্ধ সকল খেলোয়াড়দেরই বোর্ডের নতুন এই নীতির কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে সেটিকে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।’
গতকাল সোমবার স্কটল্যান্ডের বোর্ড জানিয়েছে, শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং সেটির প্রস্ততি ম্যাচ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে খেলবে না তারা। তবে আফগানিস্তানের নারী ক্রিকেট এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ না আসা পর্যন্ত দেশটির বিপক্ষে নিজেদের উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না তারা।
আফগানিস্তানের বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের অবস্থান অনেকটা ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নীতির মতো।
২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দেয় আইসিসি। যদিও নারী জাতীয় দল ও নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো গড়ে তোলার শর্ত পূরণ করতে পারেনি দেশটি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারী ও মেয়েদের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ এই পরিস্থিতিকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, অস্ট্রেলিয়ায় বসবাসকারী আফগান নারী ক্রিকেটারদের নিয়ে গঠিত ‘আফগানিস্তান রিফিউজি উইমেন্স একাদশ’ চলতি গ্রীষ্মে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্যান্ড সফর করেছে। দলটিকে ২০৩০ সালের মধ্যে আইসিসির টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ করে দিতে চলতি বছর একটি রূপরেখাও তৈরি করেছে আইসিসি।

